পেট্রোল-ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে অভিনব ভাবে আন্দোলনে নামল বিভিন্ন গণ পরিবহন
দি নিউজ লায়নঃ পেট্রোল-ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে অভিনব ভাবে আন্দোলনে নামল বিভিন্ন গণ পরিবহন। শনিবার দুপুরে বালুরঘাট রঘুনাথপুরে জাতীয় সড়কের উপর বাস সহ অন্যান্য গণপরিবহন দাঁড় করিয়ে প্রতীকী বনধ করলেন। কোন রাজনৈতিক দলের কর্মসূচি না হলেও এদিন বিজেপি হটাও দেশ বাঁচাও স্লোগান নিয়ে পথে নামেন পরিবহন কর্মীরা।
পাশাপাশি দ্রুত পেট্রোল ও ডিজেলের মূল্য বৃদ্ধি কমানোর দাবি জানিয়েছে। এদিন বালুরঘাটের রঘুনাথপুরে ৫১২ নম্বর জাতীয় সড়কে সারি দিয়ে দাঁড়িয়ে পড়ে বিভিন্ন রুটের বাস, ট্রেকার সহ অন্যান্য যাত্রীবাহী গাড়ি। ফলে স্বাভাবিকভাবেই বালুরঘাট বাস স্ট্যান্ড থেকে হিলি, কুমারগঞ্জ, বটুন সহ বিভিন্ন রুটের বাস চলাচল বন্ধ হয়ে পড়ে। প্রায় ২ ঘন্টা ধরে চলে পরিবহন কর্মীদের প্রতীকী বনধ।
প্রসঙ্গত, বালুরঘাট মালদা ও রায়গঞ্জের দূরপাল্লার গাড়িগুলি যাতায়াত করে। তেমনি বালুরঘাট থেকেই জেলার মধ্যে স্থানীয় প্রচুর রুট হয়েছে। মালদা, রায়গঞ্জ ও গঙ্গারামপুর রুটের বাসগুলি চলাচল করলেও স্থানীয় তপন কুমারগঞ্জ সাফানগর, হিলি সহ বিভিন্ন রুটগুলিতে প্রচুর গণপরিবহণ চলাচল করে। কিন্তু এদিন সেই সব রুটের প্রায় দুই শতাধিক বাস, মিনিবাস, ট্রেকার, অটো সহ বিভিন্ন গণপরিবহণ রাস্তায় মধ্যেই দাঁড়িয়ে পড়ে। যার ফলে সমস্যায় পড়ে সাধারণ মানুষ।
অন্যদিকে, গণপরিবহণ কর্মীদের দাবি, পেট্রোল ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে বাস ও ট্রেকার মালিকরা গাড়ি চলাচল বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে। এর ফলে পরিবহন শ্রমিকরা ঠিকমতো বেতন পাচ্ছেন না। সংসার চালাতে অসুবিধায় পড়ছেন। এই কারণেই তারা জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদে আন্দোলনে নেমেছেন।
এবিষয়ে পরিবহণ কর্মী দয়াল দাস ও অলোক রঞ্জন দাস বলেন, দিন দিন পেট্রপণ্যের মূল্য বৃদ্ধি অস্বাভাবিক হারে বেড়ে যাচ্ছে। যার ফলে আমাদের গাড়ি চালাতে খুব সমস্যা হচ্ছে। গাড়ির সঙ্গে যুক্ত শ্রমিকরাও বেতন পাচ্ছে না।
আমাদের বাড়িতেও সংসার আছে। আমাদের সংসার চালাতে হিমসিম খাচ্ছি। তাই আজকে পেট্রপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আমরা গাড়ি বন্ধ করে প্রতিবাদ জানাচ্ছি। এই প্রতিবাদের পেছনে কোন রাজনৈতিক সম্পর্ক নেই। এই পেট্রপণ্যের দাম না কমালে আগামী দিনে আরও বড় আন্দোলনে নামব।
Post a Comment